
মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে ‘ধর্ষণ শেষে তোলা বিবস্ত্র ছবি ফেইসবুকে ছড়ানোর হুমকি’ দিয়ে চাঁদা দাবির মামলায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার এই যুবককে গ্রেপ্তার করা হয়; পরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে কারাফটকে দুদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তার মনির হোসেন (৩০) পঞ্চগড় পৌরসভার জালাসি হঠাৎপাড়া মহল্লার প্রয়াত গহের আলীর ছেলে ঘটনার বিষয়ে ওই স্কুলছাত্রীর খালা বলেন, “আমি ভাগনিকে নিয়ে দুশ্চিন্তায় আছি। ভাগনিকে ধর্ষণ ও তার বিবস্ত্র ছবি তোলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও তাদের কঠিন শাস্তি দাবি করছি।”
পঞ্চগড় থানার পরিদর্শক (অপারেশন) প্রবীর চন্দ্র রায় জানান, গ্রেপ্তার মনিরকে আদালতে তুলে তিন দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত জেল গেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, ওই স্কুলছাত্রীর মা ধর্ষণ ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মনিরসহ পাঁচ যুবককে আসামি করে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন।
অন্য আসামিরা হলেন ১৭ বছর বয়সী এক তরুণ, মো. শহিদুল ইসলামের ছেলে মো. জিন্নাহ (২৫), মো. বাবুর ছেলে মো. বিপুল (২৫), মোছা. মিনা বেগমের ছেলে মো. লিটন। তাদের সবার বাড়ি পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকায়। মামলার এজাহার ও পরিবারের বরাতে ওসি জানান, মঙ্গলবার দুপুরে জালাসি এলাকার নবম শ্রেণির ওই ছাত্রী বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছিল।
“পথে একই এলাকার ১৭ বছর বয়সী এক তরুণে [নাম প্রকাশ করা হলো না] বাড়ির কাছে পৌঁছলে ওই তরুণ তাকে বাড়ির ভেতরে ডেকে নেয় এবং ধর্ষণ করে।”
অভিযোগে আরও বলা হয়, এই খবর পেয়ে একই এলাকার মনির, জিন্নাহ, বিপুল ও লিটন ওই তরুণের বাড়ি গিয়ে তাকে আটকে রাখে; পরে মনির ও তার সহযোগীরা মেয়েটিকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ছবি তোলে।
পরে মনির ও জিন্নাহ মোবাইলে তোলা ছবি ফেইসবুকে ছড়ানোর হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলে মামলায় অভিযোগ করা হয়।





