
এম নয়ন,স্টাফ রিপোর্টার তজুমদ্দিন ভোলা
ভোলা – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ রুপান্তরে শিক্ষকদের ভূমিকা অপরিসীম, একটি রাষ্ট্র ব্যর্থ কি সফল হবে তা বেশ কয়েকটি নির্দেশকের ওপর নির্ভর করে। ওই সব নির্দেশকের মধ্যে শিক্ষা অন্যতম।
শিক্ষাই অগ্রগতি তথা রাষ্ট্রের জন্য উপযোগী পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ সরকারও শিক্ষাক্ষেত্রে প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শুধু উদ্যোগ গ্রহণ করেই সরকার ক্ষান্ত হয়নি, মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার সেই সব উদ্যোগ বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
কারণ শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভবপর হবে। কাজেই, সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই এবং বর্তমান সরকারও সেই বিষয়টি উপলব্ধি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকেই বেছে নিয়েছে এবং তদানুযায়ী পদক্ষেপও গ্রহণ করেছে। শনিবার (১৮ মার্চ) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনায় এসব মন্তব্য করেন সাংসদ শাওন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম,আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।













