
অনলাইন ডেস্ক:
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যকৃতের অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি ইন্তেকাল করেন।
দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন কামরুল ইসলাম চৌধুরী। অর্থনীতিবিষয়ক সাংবাদিকতায় তিনি বেশ সুনাম অর্জন করেন। পরে তিনি দেশের অন্যতম প্রধান পরিবেশ সাংবাদিক হিসেবে আবির্ভূত হন। সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক ছিলেন তিনি।
কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন।
মৃত্যুর সময় কামরুল ইসলাম চৌধুরীর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। নোয়াখালীর সুনাইমুড়ী উপজেলার আইচাপাড়া গ্রামে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।











