
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের তারাকান্দা-শ্যামগঞ্জ সড়কের তারাকান্দা অংশের প্রায় ১১ কিলোমিটার রাস্তার মধ্যে বেশির ভাগই খারাপ অবস্থা। এ সড়কের পিচ ও খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্ত। ফলে এ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে যানবাহন ও পথচারীরা। ছোট বড় গর্তে সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিন দেখা যায়, তারাকান্দা উপজেলার রামপুর, গালাগাঁও, কামারিয়া ইউনিয়ানের অন্তত ৩০টি গ্রামের এবং পূর্বধলা ও গৌরীপুর উপজেল ১০টি গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার অর্ধলক্ষাধিক মানুষ এ সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। দুই উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়ক ও এটি। যাতায়াতের বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে এ সড়ক দিয়েই চলাচল করতে হয়। স্থানীয়দের এমনকি নানা সময়ে রোগী নিয়েও এ সড়ক দিয়েই আসা-যাওয়া করতে হয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের সমস্যা হয় বেশি। তারাকান্দা বাজারের ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, এ সড়ক দিয়ে বিভিন্ন হাটের – ব্যবসায়ীরা পণ্য আনা-নেওয়া করে থাকেন। কিন্তু সড়কটি বেহালের কারণে ব্যবসায়ীদের পাশাপাশি যানবাহন চালকদেরও ভোগান্তিতে পড়তে হয়।
অটোচালক আলমগীর হোসেন বলেন, এ সড়কে অটো চালাতে দুর্ভোগে পড়তে হয়। কেননা এ সড়কের বিভিন্ন স্থানে বিশালকায় গর্ত। এসব গর্তের কাছে যেতেই মনে হয় কখন জানি অটোটি উল্টে যায়। ভ্যানচালক আনোয়ার হোসেন বলেন, এ সড়কেই ভ্যান চালিয়ে জীবিকা ব্যাবস্থা করি। এখন সড়কের যে অবস্থা হয়েছে তাতে ভ্যান চালানো কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, সড়কটি দিয়ে চলাফেরার দুর্ভোগ দিন দিন বাড়ছে। ফলে এ পথে চলতে এখন ভয় হয়।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বুলে বলেন, তারাকান্দা বাসস্ট্যান্ড থেকে বাহেলা পর্যন্ত সড়কের পিচ ঢালাই উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে । পথ চলতে গিয়ে প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন। সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন পক্ষকে একাধিকবার বলেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন এমনটি প্রত্যাশা করছে এলাকাবাসী।












