যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর।

0
556

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আট বছর এবং দেড় বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সরখোলা ও ধলীরগাতী গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দুই শিশু হলো হোসাইন সরদার(৮) ও নূর আবরার(১ বছর ৬ মাস)। হোসাইন সরদার উপজেলার সরখোলা গ্রামের আকরাম সরদারের ছেলে এবং নূর আবরার উপজেলার ধলীরগাতী গ্রামের নূর জামানের ছেলে।

হোসাইন সরদারের বাবা আকরাম সরদার জানান, আমার দুই ছেলে হাসান সরদার (১০) এবং হোসাইন সরদার আজ দুপুর একটার দিকে নতুন খনন করা বাড়ির পুকুরে গোসল করছিল। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে হোসাইন পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। হাসান দৌঁড়ে বাড়িতে এসে খবর দিলে বাড়ির লোকজন মিলে দ্রুত পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নূর আবরারের বাবা নূর জামান জানান, নূর আবরার কেবল হাঁটতে শিখেছে। আজ দুপুরে সে বাড়ির উঠোনে খেলছিল। তার মা এ সময় রান্না করছিল। দুপুর দেড়টার দিকে নূর আবরারকে না পেয়ে তার মা খুঁজতে থাকে। এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকেল তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। ৩/৭/২৫


যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here