
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৭ দিন পরে হৃদয় কবিরাজ (২৮) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. জাফর নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে মোটরসাইকেল ও লাশ উদ্ধার করা হয়। এর আগে একই এলাকা থেকে জাফরকে আটক করা হলে তার তথ্য অনুসারে এই অভিযান পরিচালনা করে পুলিশ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মঈনুল হাসান জানান, গত ১১ জুলাই বাউফল থানায় হৃদয় কবিরাজ (২৮) নামে এক যুবক নিখোঁজ হওয়ায় একটি জিডি করে তার পরিবার। তার সূত্র ধরে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত মো. জাফরকে আটক করা হয়। জাফরের তথ্য অনুসারে উপজেলার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে নিখোঁজ হৃদয়ের মোটরসাইকেল ও তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেড়িয়ে আসবে। হত্যাকাণ্ডের পর গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে।













