
মো. জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ ধরায় পটুয়াখালীর দুমকীতে মোঃ হাফিজুল ইসলাম (১২) ও মোঃ তাফিকুল ইসলাম রাব্বি (১৪) নামের দু’জনকে আটক করা হয়েছে।
আটক মোঃ মোঃ হাফিজুল ইসলাম পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি এলাকার মো. বজলু মুন্সী’র ছেলে এবং মোঃ তাফিকুল ইসলাম রাব্বি’র ওই এলাকায় নানা বাড়ি। সে খোকন মোল্লা’র ছেলে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলা টাস্কফোর্সের অভিযানে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের হাজীর হাট সংলগ্ন পায়রা নদী থেকে ওই দুই জনকে নৌকা ও জালসহ আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, আমাদের অভিযান আরো জোরদার করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, আটক দুজনই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ১২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪ জন জেলে, কাঠের ৫ টি ও ইঞ্জিন চালিত ২ টি মাছ ধরার নৌকা ও ৬০ হাজার ৫’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার মূল্য ১৫ লক্ষ ১২ হাজার ৫’শ টাকা।





