
মোঃ নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনের জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) লালমনিরহাট জেলা শহরের কালেক্ট্ররেট মাঠে ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে।
আগামী শনিবার (১১ নভেম্বর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়া কথা রয়েছে। জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য আব্দুল খালেক মাস্টার জানান, ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করছেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ জন আলেম।
ইজতেমায় শুক্রবার (১০ নভেম্বর) জুমার নামাজে বিপুল পরিমাণ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইজতেমা প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে একশ’র উপরে শৌচাগার, গোসলখানা ও অজুখানা।
এছাড়া বাঁশ দিয়ে ছামিয়ানা টানানোর জন্য মূল মাঠের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যমুনা ক্লিনিক ও লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সহযোগিতায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।
লালমনিরহাটের ইজতেমা মাঠে এবারে জেলার পাঁচটি উপজেলার ও দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজারের অধিক মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিচ্ছেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জেলাকে নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে।












