
এম আলাউদ্দিন জামাল,ব্যাবস্থাপনা সম্পাদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’লীগ সরকারের আমলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার দুপুরে ভোলার লালমোহনের হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য বলেন, ‘দেশের টেকসই উন্নয়নে আওয়ামী লীগ সরকার অসামান্য অবদান রেখেছে। বর্তমান সরকারের আমলেই দেশের সর্বখাতে উন্নয়নের মহাসমারোহ চলছে।’
এর আগে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা, করোনা ভাইরাস প্রতিরোধবিষয়ক সভা ও মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর নূরুল আমিন শাহজাহানসহ আরও অনেকে।





