মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেলেন অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী

0
27

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম আলী মুক্তি পেয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ৮ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। বর্তমানে তিনি ঈদগাঁও আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নিজস্ব পাজেরো জিপযোগে ঈদগাঁও থেকে নিজ বাড়ি ঈদগড় ইউনিয়নে যাচ্ছিলেন রুস্তম আলী। পথিমধ্যে পানের ছড়া ঢালা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র ডাকাত তার গাড়ির গতিরোধ করে। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ি গহীন অরণ্যে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পর রুস্তম আলীর মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এদিকে ঘটনার পর থেকে রামু থানা ও ঈদগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা দিনভর পাহাড়ি এলাকায় অভিযান চালালেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়।

অবশেষে দিনভর দেনদরবার শেষে ৮ লাখ টাকায় রফা হয়। রুস্তম আলীর চাচা করিম মৌলভী জানান, তিনি নিজে জোয়ারিয়ানালা ইউনিয়নের স্বপ্নতরী এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে গহীন বনে গিয়ে মুখোশধারী সশস্ত্র অপহরণকারীদের হাতে নগদ ৮ লাখ টাকা বুঝিয়ে দেন। টাকা পাওয়ার পর অপহরণকারীরা রুস্তম আলীকে ছেড়ে দেয়।

দীর্ঘ সময় অপহরণকারীদের জিম্মিদশায় থাকায় এবং শারীরিক নির্যাতনের শিকার হওয়ায় রুস্তম আলীকে রাতেই ঈদগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপহৃতের এলাকার গণমাধ্যমকর্মী আবুল কাশেম তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মুক্তি পাওয়ার খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।


মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেলেন অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here