কুষ্টিয়ার কুমারখালী মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে সংঘর্ষ আহত ৪

0
49

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সুন্নতে খাৎনার অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- মনোহরপুর গ্রামের আকবরের ছেলে মাহফুজুর রহমান (২০) ও চান্নু হোসেন (৩৫), কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং ইয়াকুবের ছেলে জামিরুল (১৯)।

তাদের মধ্যে মাহফুজুরের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাশিদুলের ছেলে রাফির সুন্নতে খাৎনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তত ৩০০ স্বজন ও প্রতিবেশীকে দাওয়াত দেওয়া হয়। দুপুর থেকে সাজানো প্যান্ডেলে খাওয়াদাওয়া চলছিল। বেলা তিনটার দিকে সেখানে প্রতিবেশী আকবরের স্ত্রী, দুই সন্তান মাহফুজুর, চান্নু সহ তাঁর পরিবারের অন্তত আটজন এক টেবিলে বসে খাচ্ছিলেন। সেখানে খাবার পরিবেশন করছিলেন রাফির মামা শহিদুল ইসলাম। সে সময় চান্নু মাংসের গামলা বদল করে ভালো মাংস আনতে বলেন। শহিদুল কয়েকবার গামলা বদল করে দেন। তবে প্রতিবারই গামলায় অতিরিক্ত ঝোল থাকা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়, এ থেকেই সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টা চেয়ার–ছোড়াছুড়ি করে একে অপরকে আক্রমণ করেন। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আহত মাহফুজুর বলেন, বারবার মাংসের বদলে ঝোল দিয়েছিল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তার মাথায় চেয়ার দিয়ে আঘাত করে ফাটিয়ে দিয়েছেপ্রতিপক্ষ। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন।

অভিযোগ অস্বীকার করে রাফির মামা শহিদুল ইসলাম জানান, ‘বারবার মাংসের গামলা বদল করে দেওয়ার পরও চান্নু অভিযোগ করতে থাকে। এ নিয়ে তর্কাতর্কি করতে করতে চান্নুরা আমাকে মারধর করে জামা ছিঁড়েছে, মেরে চোখ ফুলিয়ে দিয়েছে। ভিড়ের মধ্যে কে কার মাথা ফাটিয়েছে, তা জানি না।’

কুমারখালী থানার উপপরিদর্শক সোহাগ শিকদার জানান, খৎনার অনুষ্ঠানে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কুষ্টিয়ার কুমারখালী মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে সংঘর্ষ আহত ৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here