রাজবাড়ীর পাংশায় গৃহবধূর আত্মহত্যা – পরকীয়ার অভিযোগ

0
133

জাকির হোসেন সরদার,বিশেষ প্রতিনিধি পাংশা রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা পালপাড়া গ্রামে দীপা রানী পাল (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

দীপা রানী পাল সিঙ্গাপুর প্রবাসী মিঠুন পালের স্ত্রী। তাদের সংসারে ৫ বছর বয়সী জমজ দুটি পুত্রসন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে দীপা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মৈত্রডাঙ্গী গ্রামের জব্বার মন্ডলের ছেলে সাহাই, ইমারতের ছেলে সালাম ও চাঁদ আলীর ছেলে মাসুদ নামের তিন যুবক তাকে বাড়িতে পৌঁছে দেন।

নিহতের শাশুড়ি সাধনা রানী জানান, রাতে বাড়ি ফেরার সময় দীপার কানের দুল, হাতের শাঁখা ও সিঁথিতে সিঁদুর ছিল না। তিনি নগদ ১৪ হাজার টাকাও নিয়ে গিয়েছিলেন।

দীপার স্বামী মিঠুন পালের অভিযোগ, দীপার ‘সাগর খান’ নামের একটি ফেসবুক আইডির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে দীপা রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন।

স্থানীয়রা জানান, তাদের পরিবারে কোনো ঝামেলা ছিল না। তবে অন্য পুরুষের সঙ্গে দীপার পরকীয়া সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।


রাজবাড়ীর পাংশায় গৃহবধূর আত্মহত্যা – পরকীয়ার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here