
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ড. হাছান মাহমুদসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর খুলশী থানায় এ মামলা দায়ের করেন সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ নামের এক শিক্ষার্থী। তিনি ঢাকার আলিয়া মাদ্রাসার ছাত্র এবং চট্টগ্রামের পাঁচলাইশ থানার আল-আমিন হাউজিং সোসাইটির বাসিন্দা। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে।
মামলার এজাহারে বলা হয়- ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামের ওয়াসা মোড়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে সাইফুদ্দীন ছররা গুলিতে গুরুতর আহত হন এবং চিকিৎসা করেও তার ডান চোখের দৃষ্টি ফিরে আসেনি।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, সংসদ সদস্য এম এ মোতালেব, নজিবুল বশর মাইজভাণ্ডারী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী, ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, মনজুর আলম, সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, বিজয় কিষাণ চৌধুরী, মোবারক আলী, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, সুকুমার চৌধুরী, ব্যবসায়ী এ কে আজাদ, সুফি মুহাম্মদ মিজানুর রহমান ও তার ছেলে আমির হোসেন সোহেল, মাহবুবুল আলম ও তার মেয়ে রাইসা মাহবুব, সাংবাদিক রফিকুল বাহার, হামিদ উল্লাহ, মোহিউদ্দিন ও মাসুদুল হক।
খুলশী থানার ওসি আফতাব উদ্দিন জানিয়েছেন, মামলাটি পুলিশ তদন্ত করে দেখবে। চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৪৮টি মামলা দায়ের হয়েছে।










