ঘোড়াঘাটে ব্রিটিশ সৈনিক মহাজেরদের সম্পত্তি রক্ষায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

0
23

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে সম্পত্তি রক্ষায় ৫টি কলোনীর অধীন ১৪টি মৌজার ব্রিটিশ সৈনিক মহাজের পরিবাররা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে। ১৩৭৫ একর এস.এ রেকর্ডীয় মালিকদের সম্পত্তিতে রংপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, (এমএফআরও) কর্তৃক বেআইনী হস্তক্ষেপের প্রতিবাদে আইনগত সমাধানের দাবীতে কলোনীবাসী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।

শনিবার (১২ জুলাই) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে ঘোড়াঘাট-হিলি রোডে উপজেলার ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফসারাবাদ ও নুরজাহানপুর কলোনী বাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ১৮০জন স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে কলোনী বাসীর পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, জাতীয় নাগরিক কমিটি (এস.সি.পি) উপজেলা সমন্বয়ক প্রভাষক আব্দুল মান্নান সরকার, কলোনী বাসিন্দা জালাল উদ্দীন, সরফরাজ আহমেদ দুলাল, রাকীব হাসান প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয় , ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান সরকার ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সৈনিক মহাজেরদেরকে ১৪টি মৌজায় ৫ একর করে ১৩৭৫ একর জমি এক এককালীন লীজ প্রদান করেন। পরবর্তীতে মহাজের সৈনিকগণের নামে এসএ রেকর্ডভুক্ত হলেও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংস্থা এমএফআরও কর্তৃক সেনা ক্যাম্প স্থাপন করে কলোনীর বাসিন্দাদের বাড়িঘর নির্মাণে বাধা সহ ৯৯ বৎসরের লীজ নেওয়ার জন্য জোর জুলুম ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বক্তারা বিষয়টি নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা গ্রহণের আহবান জানান। মানববন্ধনে ৫টি কলোনী সহ উপজেলার প্রায় ২ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


ঘোড়াঘাটে ব্রিটিশ সৈনিক মহাজেরদের সম্পত্তি রক্ষায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here