বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

0
27

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মা ও মেয়ে গুরুতর আহত হন।

নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বিপুল চন্দ্র দাস পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে তারা সিএনজি চালিত অটোরিকশাযোগে সারিয়াকান্দির নারচী গ্রামে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক শুকুর আলী নিহত হন।

পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল চন্দ্র দাস ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস মারা যান। আহত মমতা রানী দাস ও রুপা মনি দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here