
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলার ঐতিহ্যবাহী কুমড়ীরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে, কুমড়ীরহাট কাশফুল স্পোর্টিং ক্লাবের আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সামছুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
বক্তব্যে তিনি বলেন, যুব সমাজ নানা বিপদে জড়িয়ে পড়ছে। তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে না পারলে সুস্থ পথে ফেরানো সম্ভব নয়। এই টুর্নামেন্টের মাধ্যমে আরও সংগঠন যেন প্রতি বছরে বিভিন্ন সময়ে এমন টুর্নামেন্টের আয়োজন করে, যাতে তরুণেরা মাদকাসক্তি থেকে দূরে থাকতে পারে। মাদক থেকে বেরিয়ে আসার কার্যকর পথ হলো খেলাধুলা। খেলা দেহ-মন ভালো রাখে, সুস্থ জীবন গঠনে সাহায্য করে এবং ভবিষ্যত নেতৃত্ব গড়ে তোলে। তরুণ প্রজন্ম যদি সুস্থ দেহ-মন নিয়ে বেড়ে ওঠে, দেশও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছি। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে জনগণের সেবা করতে চাই। নির্বাচিত হতে পারলে এলাকার সমস্যা সমাধান, চিকিৎসাসেবা, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান সাজু, আদিতমারী উপজেলা বিএনপি’র সাবেক সিঃ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক নাদিরুল ইসলাম মানিক, সাবেক যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিঃ যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র ও ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, কালীগঞ্জ উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, লালমনিরহাট জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, আদিতমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু, সদস্য সচিব ইব্রাহিম খলিল রিপন, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদ মমিনুর রহমান মমিন, আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব আমির হামজা নান্নু, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিনুর রহমান মাতিন, যুগ্ম আহবায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক, আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম রকি, আদিতমারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও আদিতমারী উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় কাকিনা ফুটবল একাদশ ৫-৪ গোলে কাউনিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন কাকিনা ফুটবল একাদশের সৌরভ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কাউনিয়া ফুটবল একাদশের শুভ।
রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মোট ৮টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নেয়।













