
তজুমদ্দিন ও লালমোহন (ভোলা) প্রতিনিধি সমন্বয়ে
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ভোলার তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর প্রতিযোগিতায় “গ” গ্রুপে (কলেজ পর্যায়) ১৮টি ইভেন্টে অংশ গ্রহণ করে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ ১২টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে। সফলতা অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির মো. লাভলু-কেরাত (১ম), একাদশ শ্রেণির তারিন বেগম-হামদ্ (১ম), দ্বাদশ শ্রেণির স্বপ্না বেগম-নাতে্ রাসুল (সঃ) (১ম), জেবুন্নেসা জেরিন-রচনা (১ম), রিতু-ইংরেজি বক্তব্য (১ম), রিতু – উপস্থিত বক্তব্য (বাংলা) (১ম), শ্রাবন্তী রানী দে- দেশাত্মবোধক গান (১ম), প্রাপ্তি নন্দী-নজরুল সংগীত (১ম), কৌশিক মজুমদার-উচ্চাঙ্গ সংগীত (১ম), প্রাপ্তি নন্দী ও তার দল- জারী গান (১ম), অহনা-লোক নৃত্য (১ম), প্রাপ্তি নন্দী- নৃত্য (১ম)।
শিক্ষার্থীদের এ অভূতপূর্ব সাফল্যে কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন হাওলাদার বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আমাদের কলেজের শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলোতেও কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। ইতিপূর্বে অনেকটি ইভেন্টে আমাদের শিক্ষার্থীরা ভোলা জেলায়ও প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে, আমি উপজেলায় প্রথম হওয়ায় কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। আমরা জেলায়ও অংশ গ্রহণ করবো। আশাকরি জেলাও আমরা এ গৌরবের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবো।
কৃতী শিক্ষার্থী রিতু ও প্রাপ্তী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী খুবই আন্তরিকতার সাথে আমাদের সহশিক্ষার উপর একাডেমিক পড়াশোনার মতোই জোর দেন। আমরাও দীর্ঘ দিন কঠোর পরিশ্রম করেছি, দিন ব্যাপী রিহার্সেল করেছি।। সকলের দোয়ায় আশাকরি জেলাতেও আমরা ভালো করবো।
এদিকে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের এ চমকপ্রদ অর্জনে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও সচেতন ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।





