
সুমন বেপারী,শিক্ষানুবিশ প্রতিনিধি
বরগুনা-১ (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ। এমপি মহোদয়ের আমতলী সফর উপলক্ষ্যে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর গাজী মোহাম্মদ কাওছারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে উপস্থিত আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র উপস্থিতিতে সংসদ সদস্যকে মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মো. রুহুল আমিন,সহকারী অধ্যাপক (আরবি) ও দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন)। মো. আসাদুল্লাহ গালিব, সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ)। জনাব মনজুরুল করিম, সম্মানিত অভিভাবক সদস্য, গভর্নিং বডি। জনাব রেজাউল করিম হাদি সহ মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুশল বিনিময় শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়।
প্রতিনিধি দল জানান, ”মাননীয় সংসদ সদস্য অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং মাদ্রাসার বর্তমান শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নিয়েছেন।”
মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত সংসদ সদস্যের সুযোগ্য দিক-নির্দেশনায় অত্র অঞ্চলের দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি আরও অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। সংসদ সদস্যও শিক্ষা ও নৈতিক উন্নয়নের ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





