আমতলীতে আগুনে পুড়ল প্রবাসীর ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

0
9

বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রবাসী কবির মাদবরের স্বপ্ন ছাই হয়ে গেছে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামের শাহজাহান মাদবরের ছেলে মো. কবির মাদবর কাতার প্রবাসী। প্রবাসে থাকাকালে কঠোর পরিশ্রম করে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে একটি চৌচালা কাঠের ঘর নির্মাণ করেন তিনি। সম্প্রতি কবির মাদবর কাতার থেকে দেশে এসে পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

বুধবার (১ এপ্রিল) বিকেলে কবির মাদবরের স্ত্রী শাহিনা বেগম তার বোনের বাড়িতে যান এবং কবির মাদবর বাড়ি থেকে কিছু দূরে কানাই মৃধা স্ট্যান্ডে অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দৌড়ে এসে দেখেন তার ঘরে আগুন জ্বলছে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ছে। স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রবাসী কবির মাদবর জানান, “ঘটনার সময় ঘরে কেউ ছিল না। ধারণা করা হচ্ছে, ঘরের পশ্চিম পাশের জানালা ভেঙে পেট্রল ঢেলে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।”
আগুনে ঘরের ভেতরে থাকা প্রায় ৩ লাখ টাকা নগদ, আধা ভরি স্বর্ণালংকার, স্টিলের দুটি আলমিরা, ফ্রিজ, কাপড়-চোপড়, আসবাবপত্র, চালসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় পাসপোর্টও পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কবির মাদবর বলেন, “আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। কেন দুর্বৃত্তরা আমার ঘরে আগুন দিল তা আমি জানি না। আমি প্রশাসনের কাছে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে বলেন, “আগুনে ঘর পোড়ার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আমতলীতে আগুনে পুড়ল প্রবাসীর ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here