লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

0
63

গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে।

আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।

তিনি জানান, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকেই তাকে আজ মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সকালের দিকে জানান, শিরীন শারমিনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন।

তিনি আরও বলেন, লালবাগ থানার মামলায় তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন সংঘর্ষের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় আজ দুপুরের দিকে শিরীন শারমিনকে ঢাকার আদালতে তোলা হবে বলেও জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, সাবেক স্পিকারকে দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে শিরীন শারমিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ড. শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষ থেকে আড়ালে চলে গিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত আজ ভোররাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি।

২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।


লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here