যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব-কুয়েত, প্রজেক্ট ফ্রিডমের প্রস্তুতি

0
37

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব-কুয়েত, প্রজেক্ট ফ্রিডমের প্রস্তুতি।

হরমুজ প্রণালি সচল করতে এর আগে শুরু করা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি ছিল না সৌদি আরব ও কুয়েত। এখন তারা বিধিনিষেধ তুলে নিয়ে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রকে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ইরানের সঙ্গে টান টান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেষ্টায় বড় ধরনের বাধা দূর হল এই সিদ্ধান্তের ফলে।

যুক্তরাষ্ট্র ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলো মার্কিন নৌ ও বিমানবাহিনীর সহায়তায় পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কাজ ‘প্রজেক্ট ফ্রিডম’ আবার শুরুর প্রস্তুতি নিচ্ছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ৩৬ ঘণ্টা চলার পর এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের পরিকল্পনাকারীরা এখন এটি আবার শুরুর সময়সীমা ঠিক করছেন। কিছু মার্কিন কর্মকর্তা বলছেন, এ সপ্তাহেই অভিযানটি আবার শুরু হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। পরে ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।

গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ফেরাতে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ পরিপূর্ণভাবে বহাল থাকবে বলে জানান তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর


যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব-কুয়েত, প্রজেক্ট ফ্রিডমের প্রস্তুতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here