টাঙ্গাইলে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

0
5

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়। দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও ভোর হয়ে যাওয়ায় তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা সেখানে তিনটি জবাই করা ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে নির্জন ওই পরিত্যক্ত বাড়িতে জবাই করা হয়েছে। মাংসগুলো কোনো হোটেল বা খাবারের দোকানে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়ে থাকতে পারে বলেও ধারণা করছেন তারা।

স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া বলেন, বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে এসেছেন। এখানে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটির মাংস নিয়ে যাওয়া হয়েছে এবং তিনটি ফেলে রাখা হয়েছে। এর আগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়ার মাথা, হাড় ও চামড়া পড়ে থাকতে দেখা গেছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিয়ে তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, তিনটি জবাই করা ঘোড়াসহ সাতটি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি ঘটনাস্থল থেকে সরিয়ে অন্যত্র পুঁতে রাখা হয়েছে। পরে ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।


টাঙ্গাইলে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here