জামালপুরে শিক্ষকদের দায়িত্ব অবহেলা, ৬ বদলে স্কুলে হাজির ২ জন

0
44

জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চরম দায়িত্ব অবহেলার চিত্র সামনে এসেছে। বিদ্যালয়ে মোট ছয়জন শিক্ষক কর্মরত থাকলেও সরেজমিনে দেখা গেছে মাত্র দুইজন শিক্ষকের উপস্থিতি। একই সময়ে পুরো বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র আটজন। এমন পরিস্থিতিতে সরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সার্বিক পরিবেশ নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাগজে-কলমে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রতিদিন নিয়ম মেনে পাঠদান পরিচালনা না করা এবং শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপস্থিতি এখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক স্বল্পতার কারণে একদিকে যেমন দৈনন্দিন পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকারি সুযোগ-সুবিধা পেয়েও শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, অধিকাংশ শ্রেণিকক্ষই শিক্ষার্থীশূন্য। মাত্র আটজন শিক্ষার্থীকে নিয়ে কোনোমতে কার্যক্রম চালাচ্ছেন উপস্থিত দুই শিক্ষক। বাকি চারজন শিক্ষক কেন অনুপস্থিত বা তাঁরা কোনো ছু্টিতে আছেন কি না, সে বিষয়ে উপস্থিত শিক্ষকরাও স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। শিক্ষার এমন নড়বড়ে পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি বিদ্যালয় থেকে শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন, অথচ সন্তানকে স্কুলে পাঠিয়ে আমরা পড়ার উপযুক্ত পরিবেশ পাচ্ছি না। ছয়জন শিক্ষকের মধ্যে যদি চারজনই গায়েব থাকেন, তবে বাচ্চারা কী শিখবে? কর্তৃপক্ষের উচিত এসব শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”

এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না। তবে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের এমন অনুপস্থিতি ও দায়িত্ব অবহেলার সুযোগ নেই। ঘটনাটির বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ে তদন্ত পরিচালনা করে অনুপস্থিত শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হোক এবং বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরিয়ে এনে কোমলমতি শিশুদের ভবিষ্যৎ রক্ষা করা হোক।


জামালপুরে শিক্ষকদের দায়িত্ব অবহেলা, ৬ বদলে স্কুলে হাজির ২ জন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here