বিএনপি ক্ষমতার অপব্যবহার করে দলীয়করণ করছে: সারজিস

0
4

ভোলা জেলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিকে পাশাপাশি রেখে তুলনা করা উচিত নয়। আওয়ামী লীগ ‘খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী’—মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে এবং ভারতে গিয়ে তাদের দাফন হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় এনসিপির জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম।

বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চাঁদাবাজি, জমি দখল, ভূমিদস্যুতা, থানা ও সরকারি অফিস দখলের অভিযোগের কঠোর সমালোচনা করবে এনসিপি। গত ছয় মাসে বিএনপির কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতি করছে।’ বিসিএসের ভাইভা পরীক্ষায় নম্বর বাড়িয়ে দলীয় ব্যক্তিদের চাকরি দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপিকে এই ‘পুরোনো কায়দা’ থেকে বেরিয়ে আসতে হবে। এনসিপি বিএনপির এসব কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনা করবে। বিএনপি এ অবস্থান থেকে সরে না এলে রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রশাসনের বিষয়ে সারজিস আলম বলেন, ‘ডিসি, এসপি, ওসি ও ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তাদের বিএনপি নেতারা দলীয় কার্যালয় থেকে নিজেদের মতো করে পরিচালনা করতে চান।’ বিএনপি এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে না এলে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি যদি তাদের পুরোনো রাজনৈতিক চরিত্র, অভ্যাস ও মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে দলটি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকা বিএনপির জন্য কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নতুন পে-স্কেল ঘোষণার জন্য সরকারকে সাধুবাদ জানান সারজিস আলম। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় আগের বেতন কাঠামো দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন। নতুন বেতন কাঠামোর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও বেশি দায়িত্বশীল, পেশাদার ও সৎভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ ও করের টাকা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাই বেতন বাড়ানোর পরও কেউ দুর্নীতি বা অর্থের বিনিময়ে সেবা দেওয়ার সঙ্গে জড়িত থাকলে জনগণ ভবিষ্যতে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় অংশ নেন সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য কাজী সালমান ও রায়হানুল ইসলাম, ভোলা জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, আহ্বায়ক মো. মাকসুদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বিএনপি ক্ষমতার অপব্যবহার করে দলীয়করণ করছে: সারজিস

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here