পিকআপ-অটোরিকশা সংঘর্ষে আইনজীবী নিহত, আহত ৪

0
5

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী একটি পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা তিনটার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও এক আইনজীবী।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম বলেন, সকালে নয়জন আইনজীবী গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে আসেন। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে অটোরিকশায় যাওয়ার সময় পর্যটকবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাদেরকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পিকআপ-অটোরিকশা সংঘর্ষে আইনজীবী নিহত, আহত ৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here