শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী-স্পিকার মেজর হাফিজ 

0
8

লালমোহন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে নিয়ে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। অথচ তার ভেতরে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব লুকিয়ে থাকত।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় লালমোহন উপজেলা নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। কিন্তু তিনি নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। তখন জনগণ বিষয়টি বুঝতে পারেনি, এখন সবকিছু তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে জনগণের কাছে অনেক বিষয় প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা গুমের নির্দেশদাতা ছিলেন বলেও তিনি অভিযোগ করেন।

একজন ব্যারিস্টারকে আট বছর হ্যান্ডকাফ পরিয়ে ‘আয়না ঘরে’ বন্দি করে রাখার অভিযোগ তুলে মেজর হাফিজ বলেন, তার সঙ্গে অত্যন্ত নির্মম ও জঘন্য আচরণ করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি মুক্ত হয়ে বর্তমানে সংসদ সদস্য হয়েছেন।

বিগত সরকারের আমলের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মেজর হাফিজ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, তৎকালীন একজন ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রকল্পগুলোর কাজ যথাযথভাবে না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, বিগত সরকারের সময়ে এখানকার স্থানীয় সংসদ সদস্য ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী ও খুনি।

তিনি বলেন, ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে দিনের বেলায় তার নেতাকর্মীদের বাড়িতে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয় এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। ওই সময় তার নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে পিটিয়ে আহত করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

মেজর হাফিজ বলেন, আহত নাজিম উদ্দিন আলমকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু তাকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হয়নি।


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী-স্পিকার মেজর হাফিজ 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here