
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৪৯৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ৪ হাজার ২৬৯ পিস ইয়াবা, ২১ কেজি ২৬০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে নিয়মিত মামলায় ৭৭ জন, পূর্ববর্তী মামলায় ১০৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরোয়ানামূলে ১২৯ জন এবং সাজা পরোয়ানামূলে ১৭ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে মাদক মামলায় ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ৯৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ১৩২ জনকে।
অভিযানে ৪ হাজার ২৬৯ পিস ইয়াবা, ২১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৯৬ লিটার চোলাই মদ, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ বোতল বিদেশি মদ, ৯৫ বোতল স্কাফ সিরাপ, ৩৭ ক্যান বিয়ার ও ১০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ২০ হাজার ৫০ টাকা অর্থদণ্ড। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে ৩১টি মামলা।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।













