সেতুতে রডের বদলে বাঁশ, বান্দরবানে বদলি সেই প্রকৌশলী

0
1

অনলাইন ডেস্ক

সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠার পর টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা (চ.দা.) কাজী ফাত্তাউর রহমানকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, কাজী ফাত্তাউর রহমানকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন থেকেই তিনি ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।

অফিস আদেশে আরো বলা হয়, নতুন কর্মস্থলে তিনি সবেতন চলতি দায়িত্ব পালন করবেন। রোয়াংছড়ি উপজেলায় পূর্ণাঙ্গ উপজেলা প্রকৌশলী (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) যোগদান না করা পর্যন্ত আর্থিক ক্ষমতাসহ ওই পদে দায়িত্ব পালন করবেন তিনি।

তবে অভিযোগের মুখে থাকা একজন প্রকৌশলীকে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্য উপজেলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে বদলি করায় প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনাও শুরু হয়েছে।

তাদের প্রশ্ন, সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের মতো গুরুতর অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে দায় নির্ধারণের পরিবর্তে কেন তাকে অন্য উপজেলায় আর্থিক ক্ষমতাসহ দায়িত্ব দেয়া হলো?

স্থানীয়দের কেউ কেউ বলছেন, অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নিশ্চিত না হলে শুধু কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে অনিয়মের জবাবদিহি নিশ্চিত করা কঠিন হবে। এ অবস্থায় নতুন কর্মস্থলে যোগদানের আগেই প্রকৌশলীকে ঘিরে রোয়াংছড়িতেও নানা আলোচনা তৈরি হয়েছে।


সেতুতে রডের বদলে বাঁশ, বান্দরবানে বদলি সেই প্রকৌশলী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here