
ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) পরিচিতি, শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রায়পুরা উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তারসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাসুদ রানা। ক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অজয় সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। এ ছাড়া ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ইদ্রিস আলী মুন্সি, নাজমুল হক ভূঁইয়া মোহন ও সাইফুল ইসলাম পলাশসহ রায়পুরা ও নরসিংদী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। এ সময় আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে রায়পুরার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে হবে।
বক্তারা আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত নীতিমালা অনুসরণ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকার আহ্বান জানান তাঁরা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।













