
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলা কারাগারে গলায় খাবার আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালের খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। পরে তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তাঁর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
কারাগার সূত্রে জানাযায়, সকালে হাজতীদের সবজি ও রুটি খেতে হয়েছিল।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বাগেরহাট জেলা কারাগারের সুপার মোঃ মোস্তফা কামাল বলেন, সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাঁকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোরেলগঞ্জ থানায় জানানো হয়েছে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।













