মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ফরিদপুরে দম্পতির ৩ বছরের কারাদণ্ড

0
1

ফরিদপুর জেলা প্রতিনিধি

মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে আদালতের সময় নষ্ট এবং বিবাদীকে হয়রানির অভিযোগে ফরিদপুরে এক নারী ও তার স্বামীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মামলার বাদী রিনা আক্তার এবং তার স্বামী ও মামলার ১ নম্বর সাক্ষী মাসুদ বেপারী।

আদালত সূত্রে জানা যায়, মামলার বিচারিক কার্যক্রম চলাকালে বাদী রিনা আক্তার ও ১ নম্বর সাক্ষী মাসুদ বেপারী আদালতে জবানবন্দি ও সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবী তাদের জেরা করেন। জেরার একপর্যায়ে তাদের বক্তব্যে পরস্পরবিরোধী ও অসত্য তথ্য উঠে আসে।

সাক্ষীদের জবানবন্দি ও জেরার জবাব পর্যালোচনা করে আদালত মামলাটি ব্যক্তিগত আক্রোশ ও বিবাদীকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছান। সাক্ষ্যের ভিত্তিতে অভিযোগটি বানোয়াট ও মিথ্যা হিসেবে প্রমাণিত হওয়ায় আদালত ক্ষোভ প্রকাশ করেন।

পরে আদালত মিথ্যা মামলা দায়ের করে বিবাদীকে হয়রানি এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার অপরাধে সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পরপরই আদালত কক্ষে উপস্থিত দুই আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে সাজা পরোয়ানা মূলে তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মিথ্যা মামলা প্রতিরোধে আদালতের এই কঠোর অবস্থান সমাজে ইতিবাচক বার্তা দেবে।


মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ফরিদপুরে দম্পতির ৩ বছরের কারাদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here