লালমোহনে চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতির মরদেহ উদ্ধার

0
19

মোঃ আক্তার হোসেন,স্টাফ রিপোর্টার চরফ্যাশন ভোলা

ভোলার লালমোহনে একটি ভাড়া বাসা থেকে আবদুল্লাহ আল মাহমুদ (৩৮) নামে চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ভোর ৬টার দিকে লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাবুলের মালিকানাধীন একটি তিনতলা ভবনের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত আবদুল্লাহ আল মাহমুদ চরফ্যাশন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে।

নিহতের বাবা জয়নাল আবেদিন জানান, দলিল লেখক সমিতির সভাপতি থাকার সুবাদে তাঁর ছেলের সঙ্গে লালমোহনের বাসিন্দা এবং তৎকালীন চরফ্যাশন সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী নাহিদা পারভীনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনই আগের সংসার থেকে বিচ্ছেদ ঘটিয়ে ২০২৩ সালে বিয়ে করেন। আবদুল্লাহর আগের সংসারে দুই মেয়ে এবং নাহিদা পারভীনের আগের সংসারে একটি সন্তান ছিল।

বিয়ের পর নাহিদা স্বামীকে নিয়ে লালমোহনে তাঁর বাবার বাড়ির এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এ সময় আবদুল্লাহকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না বলেও অভিযোগ করেন তাঁর বাবা। প্রায় তিন বছর ধরে তাঁরা সেখানে বসবাস করছিলেন। এ দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

জয়নাল আবেদিন আরও জানান, শুক্রবার সকালে তাঁর পুত্রবধূ নাহিদা মুঠোফোনে ছেলের মৃত্যুর খবর দেন। তাঁর দাবি, আবদুল্লাহ আত্মহত্যা করতে পারেন না; তাঁকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পরিবারের এ অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, নিহতের স্ত্রীর ভাড়া বাসায় গিয়ে নাহিদা পারভীনকে পাওয়া যায়নি বলে জানা গেছে। বাসাটিতে কয়েকজনকে দেখা গেলেও তাঁর সন্ধান মেলেনি। নাহিদা বর্তমানে তজুমদ্দিন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে শুক্রবার ভোর ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


লালমোহনে চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতির মরদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here