ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের টিনের ঘর ধসে ৭ শিক্ষার্থী আহত

0
84

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুল ধসে পড়ে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুলকে (১২) উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি টিনশেড ঘরে পড়াশোনা শুরু হয়। দীর্ঘদিন আগে স্কুলটি পাশের আধাপাকা ভবনে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে টিন শেডের স্কুলটি পরিত্যক্ত হয়ে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরাতন স্কুল ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় হঠাৎ টিনের স্কুল ঘরটি ভেঙে পড়ে। এতে এই আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, আমি আমার মেয়েকে স্থানীয় একটি স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছিলাম। এসময় বিকট শব্দ পেয়ে দেখি স্কুল ঘরটি ভেঙে পড়েছে। পরে অন্যান্যদের নিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করি।

স্কুলের পাশের বাড়ির বাসিন্দা নাসির খান বলেন, স্কুলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সব সময় আতঙ্কে থাকতাম। ঝুঁকিপূর্ণ এই স্কুলের বিষয়ে জানিয়ে জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু কোনো প্রতিকার পাইনি। অবশেষে আজকে এই ঘটনাটি ঘটলো।

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলাম বলেন, শব্দ পেয়ে শিক্ষকরা এসে দেখেন পরিত্যক্ত ঘরটি পড়ে গেছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, দুপুরে বোর্ডিং মাঠ সংলগ্ন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ছুটির পর শিক্ষার্থীরা বের হচ্ছিল। এ সময় স্কুলে পুরাতন টিনের ঘরটি ধসে পড়লে কয়েকজন আহত হয়। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের টিনের ঘর ধসে ৭ শিক্ষার্থী আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here