সাতক্ষীরার কালিগঞ্জে ছিনতাইকারীর ছোড়া গুলিতে এক যুবক আহত।

0
75

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে ছিনতাইকারীর ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম
মোহাম্মদ মামুন হোসেন (২৮)। সে শ্যামনগর উপজেলার দক্ষিন হাজীপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর পুত্র।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার কার্টুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের সামনের সড়কে
তাঁর ব্যবহৃত মোটর সাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছে গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে কোমরে গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হলে কর্মরত চিকিৎসকেরা তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।

আহত যুবকের প্রতিবেশী আবদুর রহিম জানান, কালিগঞ্জ থেকে হাজিপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন মামুন। রাত ১০ টার দিকে কার্টুনিয়া রাজবাড়ি কলেজের সামনে পৌঁছানোর পর দু–তিনজন তরুণ তাঁর গতিরোধ করে। এ সময় তারা মামুনকে মারধর করে ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ধাক্কা দিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে তাঁকে গুলি করে। আবদুর রহিম আরও বলেন, কোমরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাৎক্ষণিক মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন হোসেন জানান, মামুনের কোমরের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছেন। গুলি কোমর ভেদ করে ভেতরে ঢুকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।


সাতক্ষীরার কালিগঞ্জে ছিনতাইকারীর ছোড়া গুলিতে এক যুবক আহত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here