
মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটে ৬৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন স্থাপত্যের আধুনিক বাস টার্মিনাল। সর্বাধুনিক এ টার্মিনালের উদ্বোধন হবে শিগগিরই।
ওই বাস টার্মিনালে কারুকার্যময় লাল ইটের দেয়াল, ইট রঙের স্টিলের ছাউনি রয়েছে। এ ছাড়া নানান সুযোগ-সুবিধা নিয়ে সিলেটে নির্মাণ হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনালটি।
নগরীর কদমতলি এলাকায় পুরোনো টার্মিনাল এলাকাতেই আট একর জায়গা নিয়ে নির্মিত টার্মিনালের কাজ এ মাসেই শেষ হবে বলে জানা গেছে।
টার্মিনালের নকশা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তিন শিক্ষক। তারা হলেন: সহকারী অধ্যাপক সুব্রত দাশ, রবিন দে ও মোহাম্মদ জসিম উদ্দিন।
ডালি কনস্ট্রাকশনের সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. হেলাল উদ্দিন বলেন, এখানে থাকবে একসঙ্গে ৪৮টি বাস রাখার ব্যবস্থা, যাত্রীদের জন্য প্রায় দেড় হাজার আসনের বিশাল ওয়েটিং লাউঞ্জ, ৩০ আসনের ভিআইপি কক্ষ, ৩০টি টিকিট কাউন্টার এবং নামাজের জন্য আলাদা কক্ষ।













