বাউফলে সাবেক ওয়ার্ড কমিশনারকে কুপিয়ে জখম

0
171

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার শংকর পাল (৪৯) দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল, ২০২৩) রাত ৮ টার দিকে বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত কাগজিরপোল বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কমিশনার শংকর পাল রাত ৮ টার দিকে কাগজিরপোল বাস স্ট্যান্ডের সামনে দিয়ে বাইক নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তখন হঠাৎ ১নং ওয়ার্ডের বর্তমান কমিশনার হারুন মল্লিকের (৪৫) বড় ছেলে আরিফ (২৩) শংকর পালের গতিরোধ করে তার মটর সাইকেলের চাবি নিয়ে যায়। পরক্ষণেই ৪-৫ সদস্যের একদল দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তাৎক্ষনণিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শংকর পালের ভাই রাজীব পাল বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা ভালো না। তার অবস্থা আশঙ্কাজনক। এ হামলার পেছনে বর্তমান কমিশনার হারুন মল্লিকের সরাসরি হাত রয়েছে। হারুন মল্লিকের নেতৃত্বেই তার বড় ছেলে আরিফ আরো কয়েকজনকে নিয়ে এ পরিকল্পিত হামলা চালায়। আমরা এর বিচার চাই। মামলার ব্যাপারে জানতে চাইলে বলেন, আগে রোগী সুস্থ করি, তারপরে মামলা করা যাবে। তার (শংকর) স্ত্রী বলেন, ‘হারুন মল্লিক চোর, ও গাড়ি চুরি করে, সিএনজি চুরি করে। ও চুরি কইররা মানুষেরে খাওয়ায়, চুরি কইররা মানুষেরে দেয়-থোয়। আমার স্বামী ওরে কিছু কয়না, তারপরেও ওয় আমার স্বামীরে মারলো ক্যা?’ পরবর্তীতে আহত শংকর পালকে বরিশাল শে’রে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের খুঁজে দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।


বাউফলে সাবেক ওয়ার্ড কমিশনারকে কুপিয়ে জখম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here