রায়পুরা থানা পুলিশকে এমপি বকুলের দুটি ভ্যান উপহার

0
9

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরা থানা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক করতে দুটি পুলিশ ভ্যান উপহার দিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সকালে রায়পুরা থানায় ভ্যান দুটি হস্তান্তর করা হয়। পরে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, “রায়পুরার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, “শুধু পুলিশকে দায়িত্ব দিলেই হবে না, দায়িত্ব পালনের জন্য তাদের প্রয়োজনীয় সক্ষমতাও দিতে হবে। এই দুটি পুলিশ ভ্যান রায়পুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাজকে আরও গতিশীল করবে বলে আমি আশা করি।”

এমপি বকুল আরও বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। অপরাধ দমনে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন দ্রুত পুলিশের সেবা পায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রায়পুরা থানা পুলিশ জানায়, নতুন দুটি ভ্যান যুক্ত হওয়ায় থানার নিয়মিত টহল, জরুরি সেবা, অভিযান এবং প্রত্যন্ত এলাকায় পুলিশের দ্রুত যাতায়াতের সক্ষমতা বাড়বে। এতে রায়পুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফরুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, অফিসার ইনচার্জ মজিবর রহমান, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


রায়পুরা থানা পুলিশকে এমপি বকুলের দুটি ভ্যান উপহার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here