ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

0
93

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে ফুল দিতে আসা একজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থান করে এমন চিত্র চোখে পড়েছে।

ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভেঙে দেওয়ার বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কটি দিয়ে হেঁটেও কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। উৎসুক লোকজনকেও ভিড় করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে। পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা একজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তাঁর বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ইমদাদুল ইসলাম আরও বলেন, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।


ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here