টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

0
9

মোঃ রাসেল,তুরাগ থানা প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠে এই ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, টঙ্গীর গোপালপুর, মরকুন ও পাগাড় এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্রের সাথে নুরুল ইসলামের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজনসহ ১০-১২ জনের একটি দল তাকে বাড়ি থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তার পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে রাত ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে দিয়ে তার বাসার সামনে পাঠানোর চেষ্টা করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ও তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট অটোরিকশাচালককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here