
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগ করে এক বৃদ্ধার কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। গ্রেপ্তার মোহছেনা বেগম (৩৫) নামে ওই নারীর কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার মোহছেনা বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রবিউল আলমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দুপুর ১টার দিকে বাঁশখালী পৌরসভার জিএস প্লাজায় অবস্থিত প্রাইম ব্যাংক থেকে রাবেয়া খাতুন (৫৭) ৩ লাখ ৩৬ হাজার টাকা উত্তোলন করেন। তার কাছে আগে থেকে থাকা ৯ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হন তিনি।
ব্যাংকের নিচে আসার পর মোহছেনা বেগম, তার সহযোগী রবিউল (৪৫) ও অজ্ঞাতনামা কয়েকজন রাবেয়া খাতুনের নাক-মুখে চেতনানাশক প্রয়োগ করেন বলে অভিযোগ। পরে তাকে নিয়ন্ত্রণে নিয়ে সঙ্গে থাকা ৩ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পর বিষয়টি বাঁশখালী থানায় জানানো হলে পুলিশ অভিযানে নামে। ভুক্তভোগীর দেওয়া তথ্য, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার রাতে বাকলিয়া এলাকা থেকে মোহছেনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে চুরি যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।












