বিদ্যুৎ নিয়ে ‘সমালোচনা’, রাঙামাটিতে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

0
32

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটিতে পৃথক অভিযোগে সরকারি কলেজ ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার রাতে বিদ্যুৎ নিয়ে সমালোচনার অভিযোগে কলেজ ছাত্রদলের সহসভাপতি আবু আবরার আলভী এবং বুধবার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তারের পর প্রচার সম্পাদক আরিফুল ইসলামকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন- রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আবু আবরার আলভী ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম।

মঙ্গল ও বুধবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে রাঙামাটি জেলা ছাত্রদল জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিদ্যুৎ নিয়ে সমালোচনার অভিযোগে বহিষ্কৃত আবু আবরার আলভী বলেন, বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। তবে জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনার জায়গা থাকা উচিত বলে তিনি মনে করেন।

তিনি বলেন, মঙ্গলবার সংগঠনের কারণ দর্শানোর নোটিসের লিখিত জবাব দিয়েছেন এবং আন্তরিকভাবে দলের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এরপরও রাত ১০টার দিকে তাকে বহিষ্কার করা হয়। রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, বুধবার সকালে রাঙামাটি জেলা পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে মাদক কারবারি, মাদকসেবী ও জিআর পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তারের তথ্য জানায়। তাদের মধ্যে রাঙামাটি কোতোয়ালি থানার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আরিফুল ইসলামও রয়েছেন। গ্রেপ্তারের পর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে জেলা ছাত্রদল।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেপ্তার আরিফুল ইসলাম মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুইজনকে বহিষ্কার করা হয়েছে।


বিদ্যুৎ নিয়ে ‘সমালোচনা’, রাঙামাটিতে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here