
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে তিনটার দিকে উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোঃ ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়া (৩৬)। তিনি ওই এলাকার আঃ সালাম ভুইয়ার ছেলে।
রাঙ্গাবালী থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার পরিদর্শক (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি দল গতকাল রাত ২টা ৩৫ মিনিটে অভিযান চালায়। এ সময় উপপরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন গাজীসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, খাসমহল এলাকায় ইমরান মিয়ার বসতঘরের সামনের উঠানে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে আজ রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে প্রেরণ করা হয়েছে।













