
ভোলা জেলা প্রতিনিধি
ভোলার দৌলতখান উপজেলার চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। একই দিন বিকেলে ৫টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দৌলতখান থানার চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একটি ডাকাত দল মহিষ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের কয়ছর মাঝি (৬০), তাঁর ছেলে মো. আপন (২৬) ও ভবানীপুর গ্রামের মো. মফিজ খনকার (৬০)। অপরজন ভোলা সদর উপজেলার বাসিন্দা কোবির পঞ্চায়েত (৬২)।
আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলা জেলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় ।













