নোয়াখালীতে সাবেক স্বামীকে হত্যা, স্ত্রী ও শাশুড়ি আটক

0
7

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার রাত ১১টার দিকে নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামে মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে বলে সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন।

নিহত ৪৫ বছর বয়সী কামাল হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে।

এ ঘটনায় কামালের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছা (৫৮)কে আটক করেছে পুলিশ।

তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রায় ১২ বছর আগে কামাল ও তানিয়ার বিয়ে হয়। তাদের সংসারে ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে পাঁচ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

কিছুদিন আগে মেয়েকে দেখতে তানিয়াদের বাড়িতে গেলে কামালকে কথা না বলে বের করে দেন ওই বাড়ির লোকজন। এরপর থেকে তানিয়াদের বাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার মাদ্রাসার মাঠে কথা-কাটাকাটির একপর্যায়ে তানিয়ার বাবা আমির হোসেনকে মারধর করেন কামাল। এর জেরে মাদ্রাসার মাঠে কামালকে ছুরিকাঘাতে হত্যা করেন তার সাবেক স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ।

ওসি নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নোয়াখালীতে  সাবেক স্বামীকে  হত্যা, স্ত্রী ও শাশুড়ি আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here