পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার

0
8

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মাসুদকে (১৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি আভিযানিক দল। সোমবার (১২ অক্টোবর) রাত ৩টা ৫ মিনিটে পূর্বধলা থানার কান্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার মাসুদ এ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। মামলার প্রধান আসামি আনারুল ইসলামকে (২২) গত ৪ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছা থানার চেঁচুয়াবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি আনারুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী নারীর প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ে হয়। পরে সম্পর্কের অবনতি হলে আনারুল তাঁকে তালাক দেন। এরপর দেখা করার কথা বলে গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ওই নারী আনারুলের বাড়িতে যান।

এজাহারে অভিযোগ করা হয়, ওই দিন রাত সাড়ে ১১টার দিকে আনারুল তাঁকে জোরপূর্বক জনমানবহীন একটি এলাকায় নিয়ে যান। সেখানে মাসুদসহ অন্য আসামিরা তাঁকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনার পূর্বধলা থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবি জানায়, মামলা হওয়ার পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার মাসুদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here