
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নড়াইলের ৩টি উপজেলা থেকে মোট ১১ জন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে দলের মনোনিত প্রার্থী হন অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। অন্যদিকে দলের থেকে মনোনয়ন চেয়ে না পেলেও চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি দৈনিক একুশে নিউজ প্রতিনিধিকে মুঠোফোনে নিজেই নিশ্চিত করেছেন সৈয়দ ফয়জুল আমির লিটু।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।













