
আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ওই অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ সময় এমপির সমর্থনে কলেজ শাখা,পৌর ও উপজেলা শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে ভন্ডুল হয অনুষ্ঠানটি। এমন ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।কলেজের বিদায়ী শিক্ষার্থী, কলেজ শাখা ছাত্রলীগ এবং প্রতিষ্ঠানসুত্রে জানাগেছে বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলো কতৃপক্ষ। প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এসেছিলেন নতুন সাজে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও তারাও আসেননি।কলেজ শাখা ছাত্রলীগ অনুষ্ঠান বয়কট করে তাৎক্ষনাত কলেজ চত্তরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। পরে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সজিব জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা আর প্রধানমন্ত্রী সদ্য কলেজটি সরকারী করণ করেছেন। এ অনুষ্ঠানের ব্যানারে তাঁদের ছবি না থাকায ছাত্রলীগ অনুষ্ঠান বর্জন করেছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের অনুদানে সামগ্রীর উন্নয়ন হলেও ব্যানারে তাঁর ছবিও ব্যবহার করা হয়নি।
পরে বেলা সাড়ে ১১ টার দিকে অধ্যক্ষ প্রফেসর ড.একরামুল হক তাঁর কক্ষে সাংবাদিক সম্মেলন করে
ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকার কথা স্বীকার করে বলেন, ভুল-বোঝাবুঝি হয়েছে। তবে দ্রুত জাকজমকভাবে পুনরায় অনুষ্ঠান করা হবে।দিনভর কলেজে উত্তেজনা বিরাজ করার বিষয়ে ওসি আব্দুল মতিন বলেন, কলেজে উত্তেজনা বিরাজ করলেও
কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে প্রধান অতিথি আধ্যাপক আব্দুল কুদ্দুস জানান, মঞ্চের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় অনুষ্ঠানটি বয়কট করেছেন।













