কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০৮ কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নেই। তাই এক মাস ধরে বেতন পাচ্ছে না হাসপাতালের ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী। কবে বেতন পাবেন তাও কেউ ঠিক করে বলতে পারছেন না।

গত বছরের ১৮ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহিয়া পদোন্নতি জনিত কারণে বদলি হওয়ায় এ পদটি এক মাস ৪ দিন ধরে শূন্য রয়েছে। ফলে বেতন না পেয়ে কর্মকর্তা কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে দিনযাপন করতে হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইয়াহিয়া ২০১৯ সালের ১৮ ডিসেম্বর পদোন্নতি জনতি কারণে বদলি হন। এরপর থেকে নতুন কোনো কর্মকর্তা যোগদান না করায় প্রশাসনিক জটিলতায় আটকে আছে সকল কার্যক্রম।

আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুল কবিরকে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব দিলেও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়নি। তার স্বাক্ষরে অফিসিয়াল অন্যান্য কাজ হলেও বেতন উত্তোলন ক্ষেত্রে কাজ হচ্ছে না। বেতন উত্তোলন করতে হলে ঢাকা প্রধান কার্যালয় থেকে অনুমোদন নিতে হয়। সেটাও করা যাচ্ছে না। আবার নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কাউকে নিয়োগও দেওয়া হচ্ছে না। এতে করে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়, অফিস স্টাফসহ প্রায় ১০৮ জনের বেতন গত ডিসেম্বর মাস হতে বন্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক (ক্যাশিয়ার) সমরজিত সিংহ জানান, অফিসের স্টাফসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা কর্মচারীদের প্রতিমাসের ৩০ তারিখ বেতন উত্তোলন করা হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদলি হওয়ায় গত ডিসেম্বর মাসের বেতন বিলে স্বাক্ষর হয়নি। এর সঙ্গে চলতি জানুয়ারি মাসের বেতন তৈরি করা হয়েছে তবে এখন পর্যন্ত কেউ যোগদান না করায় জানুয়ারি মাসের বেতন বিলে স্বাক্ষর না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কয়েকজন স্বাস্থ্য কর্মী জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদ খালি থাকায় আমাদের বেতন বন্ধ রয়েছে। আমরা অনেক কষ্টে দিনযাপন করছি। অনেকেই ধার-দেনা করে সংসার চালাচ্ছেন।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজেদুল কবির কোনো সদুত্তর দিতে না পারলেও মৌলভীবাজার সিভিল সার্জন ডা: মো. শাহাজান কবির চেীধুরী বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদ শূন্য থাকার বিষয়টি ঢাকা অফিসকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে।


কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০৮ কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles