
সম্রাট টিপু সুলতান,বিশেষ প্রতিনিধি ঝিকরগাছা যশোর:
যশোরের ঝিকরগাছায় ফ্রান্স – আর্জেন্টিনার ফাইনাল ফুটবল খেলা দেখে উল্লাস করতে গিয়ে খালের মধ্যে পড়ে এক যুবক মারা গিয়েছে। সে কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)। নিহত যুবক আর্জেন্টিনার সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সাজু জানান, রবিবার রাত অনুমান সাড়ে ১০ টার দিকে এলাকার উদ্যোগে ঝিকরগাছা পৌরসভার কাটাখাল বঙ্গবন্ধু পৌরপার্কে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখছিল। এ সময় আর্জেন্টিনার গোলে আনন্দ উল্লাস করতে গিয়ে অসাবধানতার কারণে রাকিব হোসেন (২২) কাটাখাল খালের মধ্যে পড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এ বিষয়ে ঝিকরগাছা থানার কর্তব্যরত ডিউটি অফিসার এ.এস.আই মুহিদুল ইসলাম রাত পৌনে ১২ টায় ঘটনার সত্যতা প্রকাশ করেছেন। এমতাবস্থায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।













