
মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী জোরারগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে জোরারগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। উচ্ছেদ অভিযান চলাকালে ১১ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৭ টি ফলের দোকান ও মুদি দোকান উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করা হয়। এছাড়া প্রায় ৫০ টি দোকানের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
অভিযান পরিচালনাকালে মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, অবৈধভাবে ফুটপাত দখল ও স্থায়ী স্থাপনা করে ব্যবসা পরিচালনা করে আসছিল কিছু অবৈধ দখলদার। ফুটপাত দখলমুক্ত রাখতে ও পবিত্র রমজান মাসে জনসাধারণের চলাচল অবাধ রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।










